বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
বাগেরহাটে বিএনপির দুই পক্ষের মধ্যে গতকাল রোববার সকালে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালনের সময় সংঘর্ষের এ ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সংঘর্ষকারীদের ওপর লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় লতিফ (৩৫) ও নাজিরুল ইসলাম (৩০) নামের দুজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাগেরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি এম এ সালামের নেতৃত্বে দলীয় কর্মীরা শহরের পুরাতন বাজার মোড়ে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাছিরের নেতৃত্বে অপর একটি দল ওই এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে। তারা পুরাতন বাজার মোড়ে একই স্থানে সমাবেশ করতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে তারা ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। ইট ও লাঠির আঘাতে উভয় পক্ষের কয়েকজন জখম হন। এ সময় সেখানে নিয়োজিত পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীরা এ সময় পুরাতন বাজার এলাকার একটি মুদি ও চায়ের দোকান ভাঙচুর করেন। বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘বিএনপির বিচ্ছিন্ন একটি অংশের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের প্ররোচনায় দলের কেন্দ্রীয় কর্মসূচি বানচাল করতে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। তাদের হামলায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।’বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাছির বিএনপির সভাপতির অভিযোগ অস্বীকার করেছেন।