বাগেরহাটে বিচারকের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বেলায়েত উল্যাহর বিরুদ্ধে অনিয়ম, ঘুষ, দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। আগামী রোববার থেকে তাঁরা ওই বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন। সমিতির জরুরি সভায় গতকাল এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আমিরুল আলম, সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আলী, সমিতির সাবেক সভাপতি শামছুল হক, সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান, আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, এ কে আজাদ ফিরোজ, ভূঁইয়া হেমায়েত উদ্দিনসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বেলায়েত উল্যাহ বাগেরহাটে যোগদানের পর বিভিন্ন সময় বাদী-বিবাদীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে রায় দিয়েছেন। তাঁর দেওয়া বিভিন্ন মামলার রায় পর্যালোচনা করলে এ অভিযোগের সত্যতা পাওয়া যাবে। আমিরুল আলম বলেন, সভার এই সিদ্ধান্ত আইনমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বাগেরহাটের জেলা ও দায়রা জজ এম আতোয়ার রহমানকে জানানো হয়েছে।সাবেক সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলী বলেন, উচ্চ পর্যায়ের নির্দেশে এই বিচারকের বিরুদ্ধে এ বছরের প্রথম দিকে একটি তদন্ত হয়েছিল। খুলনার জেলা ও দায়রা জজ জি এম সালাহ উদ্দিন এই তদন্ত করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলও করেন। কিন্তু ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি।এ ব্যাপারে বেলায়েত উল্যাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।