বাগেরহাটে বিদ্যালয় ভবনে ফাটল, মাঠে পাঠদান
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদেকাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দেয়ালে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের মাঠের এক পাশে ত্রিপল টানিয়ে গত শনিবার থেকে শিক্ষার্থীদের পাঠদান শুরু করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন, ‘২০১০ সালে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে কয়েকবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসব ফাটলের কথা লিখিতভাবে জানিয়ে সংস্কারের আবেদন করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, ১৯৩২ সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১৬৭। ১৯৮৮-৮৯ অর্থবছরে শিক্ষা বিভাগ পাকা দেয়াল ও টিনের চালের চার কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করে। এর পর প্রতিষ্ঠানটির অবকাঠামোগত আর কোনো উন্নয়ন হয়নি। ২০০৯ সালে ভবনের দেয়ালে প্রথম ফাটল ধরে। পর্যায়ক্রমে বিদ্যালয় ভবনের বিভিন্ন দেয়ালে আরও ফাটল সৃষ্টি হয় এবং সেগুলো বাড়তে থাকে। এ অবস্থায় অভিভাবকদের উদ্বেগ ও সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে বিদ্যালয় ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার থেকে বিদ্যালয়ের পাশের মাঠে ত্রিপল টানিয়ে ছোটদের এবং এলাকার একটি ক্লাবঘরে বড়দের পাঠদান করানো হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ভবনের পেছনের দেয়ালে উলম্ব ও আড়াআড়িভাবে পাঁচ-ছয়টি স্থানে ফাটল রয়েছে। কোনো কোনো ফাটল দিয়ে দেয়ালের এ পাশ থেকে ও পাশে দেখা যাচ্ছে। বিদ্যালয় ভবনের সামনের দেয়ালেও খাড়াভাবে লম্বা ফাটল ধরেছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিদুল ইসলাম বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু প্রতিকার না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাঠে ও পাশের একটি ক্লাবঘরে পাঠদান করাতে হচ্ছে। কিন্তু বর্ষা মৌসুম চলে আসায় সেখানে পাঠদান নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।বাগেরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ভূপতি মোহন বালা বলেন, ওই বিদ্যালয়সহ তিন-চারটি বিদ্যালয় থেকে এ ধরনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।