বাগেরহাটে ব্যবসায়ী ও মাগুরায় ভ্যানচালক খুন
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে আলম ফকির (২৫) নামের এক চিংড়িঘের ব্যবসায়ী এবং মাগুরার মহমঞ্চদপুর উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে গনি বিশ্বাস (৩৫) নামের এক ভ্যানচালক খুন হয়েছেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের চিংড়িঘের থেকে আলম ফকিরের লাশ উদ্ধার করা হয়। তাঁর নাক, মুখ, চোখ ও কান দিয়ে রক্ত ঝরছিল। মাথা, এক হাত ও দুই পায়ে জখম ছিল। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আলম ফকির ওই গ্রামের কাশেম ফকিরের ছেলে। তিনি প্রতিবেশীর জমি ইজারা নিয়ে চিংড়ি চাষ এবং বাগেরহাট-খুলনা সড়কে একটি বাসের সহকারী হিসেবে কাজ করতেন। কাশেম ফকির বলেন, ‘আমার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কারা, কেন তাকে হত্যা করেছে জানি না। জানা মতে, আমি বা আমার ছেলের সঙ্গে কারও বিরোধ নেই।’ তিনি জানান, গত বুধবার বিকেলে আলম ঘেরে মাছের খাবার দিতে গিয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় আলমের মা আবার ঘেরে গিয়ে পানিতে ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। মাগুরার মহমঞ্চদপুর থানার ওসি ছগির মিঞা বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রাস্তার পাশের একটি পাটখেত থেকে ভ্যানচালক গনি বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। তিনি নহাটা গ্রামের আবুল হোসেন বিশ্বাসের ছেলে। ঘটনাস্থলের পাশ থেকে দুটি ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারানদিয়া গ্রামের রুবেল বিশ্বাস ও তাঁর বোন তাসলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রুবেলও একজন ভ্যানচালক। নিহত গনি ও রুবেলের বাবার সঙ্গে ধর্মাত্মীয়তা ছিল। কিছুদিন ধরে ওই সম্পর্কে টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, ওই আত্মীয়তার সম্পর্কের বিরোধকে কেন্দ্র করে গনি বিশ্বাস খুন হন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।