বাগেরহাটে ভৈরব নদের তীর দখলমুক্ত
বাগেরহাট শহরের পূর্ব সীমানায় ভৈরব নদের তীরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযান চলাকালে প্রায় ৭০টি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পিযূষ চন্দ্র দের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে উচ্ছেদ হওয়া অনেক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁরা নদীতীরে ব্যবসা করার বিনিময়ে বাগেরহাট পৌরসভাকে ১০-১২ বছর ধরে নিয়মিত খাজনা দিয়ে ব্যবসা করে আসছেন। পৌরসভাকে বার্ষিক এককালীন টাকা দেওয়ারও দাবি করেছেন কয়েকজন।
পিযূষ চন্দ্র দে বলেন, ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার তীরজুড়ে বিভিন্ন শ্রেণির লোক অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা করে আসছিলেন। নদীর তীর রক্ষায় গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করে এসব ব্যবসায়ীকে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁরা সেই নির্দেশ উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় গতকাল সকালে শহরের মুনিগঞ্জ চানমারী কালভার্ট থেকে শুরু করে বাসাবাটি কেবি মাছবাজার পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে কাঁচাবাজার, ইট-বালুর গোলা, চায়ের স্টলসহ প্রায় ৭০টি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
পৌরসভাকে খাজনা বা ভাড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে নির্বাহী হাকিম বলেন, ‘এই জায়গা জেলা প্রশাসকের খাস খতিয়ানভুক্ত। পৌরসভাকে ব্যবসায়ীরা কীভাবে টাকা দিয়েছেন, তা আমার জানা নেই।’