১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আবদুস সালাম খান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহম্মদ ইউসুফসহ ১৭ জনের বিরুদ্ধে বাগেরহাটে একটি হত্যা মামলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় নিহত বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের আবদুস সালাম খানের ভাই মো. আবুল কালাম খান বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে ওই মামলা করেন। আদালত শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।এ নিয়ে মাওলানা আবুল কালাম মুহম্মদ ইউসুফের বিরুদ্ধে বাগেরহাটে ছয়টি মামলা হলো।মামলার অপর আসামিরা হলেন, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের মো. মতিয়ার রহমান, আবদুল হক, আবুল হাজের খাঁ, লুত্ফর রহমান, আবদুল লতিফ, সোনাতলা গ্রামের আবদুর রব হাওলাদার, ইসমাঈল খাঁ, বকুলতলা গ্রামের মো. নজির মৃধা, আবদুল কাদের চৌকিদার, খুড়িয়াখালী গ্রামের মোসলেম আকন, পশ্চিম খাদা গ্রামের জয়নাল আবেদিন মৌলভী, খোন্তাকাটা গ্রামের হাফেজ আমির আলী, মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার হোসেন, উত্তর সাউথখালীর আবদুস সাত্তার খাঁ, বগি দশঘর গ্রামের মো. আতাহার হাওলাদার ও কদমতলা গ্রামের নূর উদ্দিন মৃধা।