বাগেরহাটে মাছের সাত আড়ত থেকে ২৫ মণ চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে চিংড়ির ওজন বাড়াতে অপদ্রব্য পুশ করার সময় গতকাল বুধবার প্রায় ২৫ মণ চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহ জালাল সরদার (৩০) নামে আড়তের এক কর্মচারীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাগেরহাটের নির্বাহী হাকিম শাহ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়তে গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে আড়তের কর্মচারী শাহ জালাল সরদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। গতকালই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
নির্বাহী হাকিম রফিকুল ইসলাম বলেন, ‘ওই আড়তে গিয়ে বাগদা ও গলদা চিংড়ি কেনাবেচার ঘরে গিয়ে দেখি, সাগু ও জেলিজাতীয় দ্রব্য সিরিঞ্জ দিয়ে পুশ করে চিংড়ির ওজন বাড়ানোর কাজ করছেন শ্রমিকেরা। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আড়তের মালিক ও অন্য শ্রমিকেরা পালিয়ে গেলেও শাহ জালাল নামের এক কর্মচারীকে আটক করি। বাজারের সাতটি আড়তে অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ চিংড়ি জব্দ করি। তবে আর কাউকে আটক করা সম্ভব হয়নি।’ জব্দ করা চিংড়ি ধ্বংস করা হবে বলে জানান রফিকুল ইসলাম।