বাগেরহাটে মাদ্রাসায় ছাত্রলীগের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে আবু হুরাইরা দাখিল মাদ্রাসা ও এতিমখানায় গতকাল সোমবার ব্যাপক ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা মাদ্রাসার হিসাবরক্ষণ কর্মকর্তা ও এক ছাত্রকে বেদম মারধরও করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শামীমের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসায় হামলা চালায়। খবর পেয়ে মাদ্রাসার অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা আগেই পালিয়ে যান। হামলাকারীরা অধ্যক্ষকে না পেয়ে মাদ্রাসা ভবনের ১২টি কক্ষের দরজা, জানালা, বেঞ্চ, চেয়ার, টেবিল ও সিলিং ফ্যান ভাঙচুর করে। পরে তারা অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হামলাকারীরা অধ্যক্ষের কক্ষের আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে মাদ্রাসার হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন ও দশম শ্রেণীর ছাত্র আবিদুল ইসলামকে বেদম মারধর করে পুলিশে সোপর্দ করে তারা।
মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শাহাদৎ হোসাইন অভিযোগ করেন, গত শুক্রবার শরণখোলা উপজেলায় শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মোরেলগঞ্জ উপজেলা শিবির গতকাল সকালে সদরে মিছিল করে। ওই মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ এ হামলা চালায়।
জামায়াতের সাবেক সাংসদ প্রয়াত মুফতি আবদুস সাত্তার মাদ্রাসাটি প্রতিষ্ঠা করলেও এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক সাহায্য-সহযোগিতা করেন বলে অধ্যক্ষ দাবি করেন।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শামীম বলেন, ‘সকালে জামায়াত উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে তারা সরকার ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেয়। দুপুরে জানতে পারি, জামায়াত পরিচালিত আবু হুরাইরা মাদ্রাসা থেকে ছাত্রলীগের নেতাদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়েছে। এমন সংবাদ পেয়ে আমরা তাদের প্রতিহত করতে মাদ্রাসায় গেলে তারা দৌড়ে পালিয়ে যায়।’
মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, জামায়াত-শিবির সকালে মিছিল করে। দুপুরে তারা আবার মাদ্রাসা থেকে মিছিলের প্রস্তুতি নেয়। তখন ছাত্রলীগের নেতারা সেখানে গেলে জামায়াত-শিবিরের সমর্থকেরা দৌড়ে পালিয়ে যায়।