বাগেরহাটে মানবতাবিরোধী মামলার চার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় এজাহারনামীয় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাগেরহাটের সাতটি মামলায় ১২ জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বাগেরহাট ও খুলনা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। অন্য আটজনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ওই ১২ জনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় (মে থেকে ডিসেম্বর পর্যন্ত) বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের সাতটি অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের খান আকরাম হোসেন (৬০), একই উপজেলার চাপড়ি গ্রামের শেখ মোহাম্মদ উকিল উদ্দিন (৮২), কচুয়া উপজেলার যশোরদি গ্রামের ইদ্রিস আলী মোল্লা (৬৪) এবং একই উপজেলার উদনখালী গ্রামের ছেলে মকবুল মোল্লা (৭৯)।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে বাগেরহাট পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকা থেকে খান আকরাম হোসেন এবং কচুয়া উপজেলার যশোরদি গ্রাম থেকে ইদ্রিস আলী মোল্লা ও উদনখালী গ্রাম থেকে মকবুল মোল্লাকে গ্রেপ্তার করে। উকিল উদ্দিনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় খুলনার লবণচরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলাল উদ্দিন বলেন, সম্প্রতি বাগেরহাটের ১২ রাজাকারকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগ জমা দেয়া হয়। তাঁদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় (মে থেকে ডিসেম্বর পর্যন্ত) বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকায় আনা হচ্ছে।
হেলাল উদ্দিন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাট জেলায় ৬৩টি মামলা হয়েছিল।