বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণ ও মংলা বন্দরের আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে গত মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে মানববন্ধন করেছে বাগেরহাট উন্নয়ন সমন্বয় কমিটি। খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে মানববন্ধনে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা যোগ দিলেও জেলা আওয়ামী লীগ ও সিপিবি এ কর্মসূচি বর্জন করে।সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়। উন্নয়ন সমন্বয় কমিটির অন্য দাবিগুলো হচ্ছে, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে মংলা পর্যন্ত গ্যাস পাইপলাইন সম্প্রসারণ, ঢাকা থেকে বাগেরহাট হয়ে মংলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, সুন্দরবনে পর্যটনবান্ধব অবকাঠামো নির্মাণ এবং লবণাক্ত পানির হাত থেকে বাগেরহাটকে রক্ষা। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনের সাংসদ ও আওয়ামী লীগের নেতা মীর শওকাত আলী বাদশা, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলী রেজা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম প্রমুখ।কর্মসূচিতে যোগ না দেওয়ার কারণ জানতে চাইলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জানান, তাঁরাও বাগেরহাটের উন্নয়ন চান। কিন্তু জামায়াত-বিএনপি জোট ও তাদের দোসরদের সঙ্গে নিয়ে এ ধরনের কর্মসূচি তাঁরা সমর্থন করেন না। তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী তাতে যোগ দিয়েছেন, তাঁরা সংগঠনের প্রতিনিধিত্ব করেননি। তাঁরা ব্যক্তিগত পরিচয়ে সেখানে গেছেন।