বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্ত দলের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল বুধবার বাগেরহাটে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছে।বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত ওই সভায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা চার মামলার আসামি ও গোটাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাসারাত হালদার অংশ নেন। এ ঘটনায় উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সভার শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আপত্তির মুখে বাসারাত হালদার সভাস্থল ছেড়ে যান।বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করে গতকাল বিকেলে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বুধবার তাঁরা সাতটি বধ্যভূমি ঘুরে অন্তত ২৫ জনের সঙ্গে কথা বলেছেন। জেলা ও পুলিশ প্রশাসনের কাছে তাঁরা বাগেরহাটের গণকবর ও বধ্যভূমির সংখ্যা, শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা এবং রাজাকারদের সম্পর্কে তথ্য চেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, বাগেরহাটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট ৬৩টি মামলা রয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, মো. নূর হোসেন, মো. শাজাহান কবীর ও ওবায়েদ উল্লাহ অংশ নেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (দপ্তর) শেখ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কমান্ডার শেখ শওকত হোসেন, কচুয়া উপজেলা কমান্ডার খান হাবিবুর রহমান, তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও শাজাহান কবীর বক্তৃতা করেন। খান হাবিবুর রহমান তদন্ত দলের কাছে কচুয়া উপজেলার ১২২ জন রাজাকারের একটি তালিকা হস্তান্তর করেন।সভায় বাসারাত হালদারের উপস্থিতিতে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (দপ্তর) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাসারাত হালদার গোটাপাড়া ইউনিয়নের চিহ্নিত রাজাকার। তাঁর বাবা মৃত শওকত আলী হালদার মহকুমা পিস কমিটির সদস্য ছিলেন। বাসারাতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারটি মামলা রয়েছে।’ যোগাযোগ করা হলে বাসারাত হালদার বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আমন্ত্রণ পেয়ে আমি সভায় গিয়েছিলাম। কিন্তু সভার একপর্যায়ে আমার উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় চলে এসেছি। আমি রাজাকার ছিলাম না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব মামলা করা হয়েছে।’