বাগেরহাটে যুবক খুন
বাগেরহাটের রামপাল উপজেলার একটি চিংড়ি-ডিপো থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ইজারাদার জাকির হোসেন (৩০) নামের এক চিংড়ি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মংলা উপজেলার সোনাইলতলা গ্রামের জিন্নাত আলীর ছেলে।জাকির হোসেনের ভাই জিয়াউল হক বলেন, মারুফ ইজারাদার ও মহিদুল ইসলাম ইজারাদারের সঙ্গে জাকির অংশীদারিতে চিংড়ি মাছের ব্যবসা করতেন। দেনা-পাওনা নিয়ে সম্প্রতি অংশীদারদের সঙ্গে জাকিরের বিরোধ হয়। প্রায় ১৫ দিন ধরে জাকির চট্টগ্রামে ছিলেন। তিনি অভিযোগ করেন, জাকিরের দুই অংশীদার দু-তিন দিন আগে গোপনে জাকিরকে চট্টগ্রাম থেকে ধরে এনে শ্বাসরোধে হত্যা ও লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।এ ব্যাপারে কথা বলার জন্য জাকিরের দুই অংশীদারকে খুঁজে পাওয়া যায়নি। তবে মহিদুল ইসলাম ইজারাদারের ভাই একরামুল কবির বলেন, জাকির তাঁর ভাইয়ের কর্মচারী ছিলেন। জাকিরের কাছে মহিদুলসহ আরও কয়েকজন ব্যবসায়ীর বেশ কিছু টাকা পাওনা ছিল। তিনি দাবি করেন, গলায় ফাঁস দিয়ে জাকির আত্মহত্যা করেছেন। রামপাল থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, গতকাল সকালে স্থানীয় লোকের কাছে খবর পেয়ে পুলিশ ‘জুঁই ফিশ’ থেকে জাকিরের লাশ উদ্ধার করে। সুরতহাল করার সময় লাশের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কেসমত মাইলমারি গ্রামের একটি পায়খানার ট্যাংকের ভেতর থেকে গত বুধবার এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। শৈলকুপা থানার ওসি সাহিদুল ইসলাম জানান, সন্ত্রাসীরা অন্য কোনো স্থান থেকে ওই নারীকে ধরে এনে হত্যা করার পর ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।