বাগেরহাটে যুবককে হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড
বাগেরহাটের মংলা উপজেলায় শাহীন হাওলাদার নামের এক যুবককে হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, মংলা উপজেলার পশ্চিম কাইনমারী গ্রামের টুটুল কাজী (২১), একই গ্রামের রুবেল ব্যাপারী (২১) এবং জেলার শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রফিকুল মিঞা (২২)। তাঁদের মধ্যে রফিকুল মিঞা পলাতক।আদালত সূত্রে জানা গেছে, নিহত শাহীন হাওলাদারের (১৯) বাড়ি মংলা উপজেলার পশ্চিম কাইনমারী গ্রামে। তিনি পেশায় ছিলেন রুটি বিক্রেতা। দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি ছিলেন তাঁর বন্ধু ও প্রতিবেশী। ২০০৭ সালের ২৬ মার্চ রাত আটটার দিকে শাহীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ওই তিনজন। ওই রাতে শাহীন বাড়ি ফেরেননি। পরদিন টুটুল ও রুবেলকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই পশুর নদীর চরকানা এলাকা থেকে শাহীনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবদুল লতিফ বিশ্বাস বাদী হয়ে মংলা থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন।আদালত সূত্র আরও জানায়, কাজী টুটুল স্বীকার করেন, পূর্বশত্রুতার জের ধরে তিন বন্ধু মিলে শাহীনকে শ্বাসরোধে হত্যা করেন।মামলার রায়ে গতকাল বিচারক ওই তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।আসামিপক্ষে কাজী আজাহার আলী ও জালাল উদ্দিন হাওলাদার এবং বাদীপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজী মনোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।