বাগেরহাটের জাহানাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে এক শিক্ষক মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের প্রতিবাদে এবং ওই শিক্ষকের শাস্তির দাবিতে বাগেরহাট মহিলা পরিষদ গতকাল শুক্রবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।মারধরের শিকার শিশুটির নাম সৈয়দ জারিফ আরশাদ (৪)। শিশুটির বাবা সৈয়দ মাসুক মাওলা জানান, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষক আবদুল খালেক শ্রেণীকক্ষে পাঠদানকালে নড়াচড়া করায় জারিফের চুল ধরে টানেন এবং কপালে ও মুখে চড় মারেন। ওই শিক্ষকের আংটির আঘাতে তার মুখ ও কপালে দাগ পড়ে যায়। তিনি জানান, এ ঘটনায় তিনি গত ২৭ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।গতকালের সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার ঘটনাটিকে ‘শিশু নির্যাতন’ বলে অভিহিত করে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে শহীদ মিনার সড়কে মানববন্ধন করা হয়।শিক্ষক আবদুল খালেক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।বাগেরহাট মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রাণতোষ রায় বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জারিফকে প্রহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন, ‘সহকর্মীদের সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’