বাগেরহাটে শেখ হেলালের জনসভায় বোমা হামলার মামলা পুনরুজ্জীবিত
বাগেরহাটে ২০০১ সালে আওয়ামী লীগ নেতা ও সাংসদ শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলাটি পুনরুজ্জীবিত করা হয়েছে। গত ৩১ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক হরিপদ বিশ্বাসকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। চারদলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ১৯ এপ্রিল বিচারবিভাগীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী মামলাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা হরিপদ বিশ্বাস জানান, গত ১৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি পুনরুজ্জীবিত করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। গত ৩১ জানুয়ারি তিনি বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি অধিকতর তদন্তের লক্ষ্যে পুনরুজ্জীবিত করার আবেদন জানান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটির তদন্ত শুরু করার আদেশ দেন। ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে বাগেরহাটের মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বাগেরহাট-১ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ প্রার্থী শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভা আয়োজন করা হয়। ওই সময় সেখানে বোমা বিস্ফোরণে নয়জন নিহত এবং শেখ হেলালসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। জানা গেছে, মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের তত্কালীন সভাপতি চৌধুরী জিয়াউল ইসলাম বোমা বিস্ফোরণের ঘটনায় ২৪ সেপ্টেম্বর বাগেরহাট জেলা বিএনপির তত্কালীন সভাপতি এম এ এইচ সেলিমসহ ১৬৬ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা করেন। সিআইডির যশোর অঞ্চলের তত্কালীন সহকারী পুলিশ সুপার মাওলা বক্স দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৭ ডিসেম্বর বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে মামলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।