বাগেরহাটে সংঘর্ষে বিএনপির নেতাসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আজ শনিবার ভোরে দুই পক্ষের সংঘর্ষে জেলা বিএনপির নেতাসহ দুজন আহত হয়েছেন। কচুয়া উপজেলা সদরের ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে শেখ নজরুল ইসলাম জেলা বিএনপি সহসভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আহত অপরজন শহীদ শেখ কচুয়া উপজেলার আড়ুয়ামর্দন এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির নেতা নজরুলের সঙ্গে শহীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছে।

আজ ভোর ছয়টার দিকে এর জের ধরে উপজেলা সদরের ব্র্যাক কার্যালয়ের সামনে এই দুজনের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নজরুল ও শহীদ আহত হন।’ তিনি জানান, ঘটনার পর নজরুলকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই পক্ষের মধ্যে সংঘর্ষের তথ্যের সত্যতা নাকচ করে বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা দাবি করেন, শহীদের লোকজন নজরুলকে কুপিয়ে জখম করেছে। এ হামলার ঘটনায় তিনি জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।