বাগেরহাটে সংবাদ সম্মেলনে ধর্ষককে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে নাবালিকা বোনের (১৩) ধর্ষণকারীর গ্রেপ্তার দাবি করেছেন দরিদ্র এক রিকশাচালক। তিনি বলেছেন, ধর্ষণকারী ও তার পরিবারের সদস্যদের হুমকির মুখে তিনি পরিবার নিয়ে গ্রাম ছেড়ে বাগেরহাট শহরে আশ্রয় নিয়েছেন। বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার দুপুরে ওই রিকশাচালক জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ঝালোডাঙ্গা গ্রামের মো. তরিকুল শেখ (২২) তাঁর বোনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ডাক্তারি পরীক্ষা এড়ানোর জন্য প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে সালিসি বিচারের নামে তাঁর বোনকে এক প্রকার গৃহবন্দী করে রেখে সময়ক্ষেপণ করা হয়। ঘটনার পাঁচ দিন পর তিনি কৌশলে লুকিয়ে তাঁর বোনকে এনে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করান এবং জেলা মহিলা পরিষদের সহযোগিতায় ২৩ সেপ্টেম্বর কচুয়া থানায় তরিকুলকে আসামি করে মামলা করেন। তিনি বলেন, মামলা করার পর থেকে তরিকুল ও তার পরিবারের সদস্যরা তাঁদের প্রাণনাশের হুমকি দিতে থাকে। তিনি নিরাপত্তার কথা ভেবে গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নেন। পুলিশ তরিকুলকে গ্রেপ্তার না করায় তাঁরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার মেয়েটি তার মা এবং বাগেরহাট জেলা মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা রহমান, সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, সদস্য উর্মিলা পাল ও জোবেদা বেগম উপস্থিত ছিলেন।