বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাগেরহাটে কাভার্ড ভ্যানের সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কায়কোবাদ (৩১) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফকিরহাট উপজেলার লখপুর জামে মসজিদের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কায়কোবাদের বাবার নাম আবদুর রাজ্জাক। সদর উপজেলার সুগন্ধি গ্রামে তাঁর বাড়ি।
বাগেরহাট-খুলনা মহাসড়কের হাইওয়ে পুলিশের চুলকাঠি ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজীর ভাষ্য, সকালে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের চালক কায়কোবাদ ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেলটির চালক গুরুতর আহত হন। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।
ওসি জানান, বাবা আবদুর রাজ্জাকের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়কোবাদের লাশ বিনা ময়নাতদন্তে দেওয়ার প্রক্রিয়া চলছে। কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছেন।