বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাসে থাকা আট আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ফকিরহাট উপজেলার তৈয়বের বটতলা নামক স্থানে খুলনা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মো. শুকুর আলী ও পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হওয়া সবার বাড়ি খুলনা শহরের রায়ের মহল এলাকায়।
নিহত ব্যক্তিরা হলেন—মাইক্রোবাসের মালিক এনায়েত হোসেন (২২), চালক জুয়েল (২৬), পুলিশের সদস্য আমীর হোসেন ওরফে সাগর (২৬), মঈন (২৮), তাঁর স্ত্রী মুন্নী (১৮), তাঁদের চার মাস বয়সী শিশুপুত্র মাহিম এবং দোলা (৪২) ও তাঁর মেয়ে আফসানা মিম (১৮)। তাঁরা পরস্পর আত্মীয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফারাজী ও ফকিরহাট থানার ওসি এস এম আনোয়ার হোসেন বলেন, ওই আটজন গতকাল সকালে খুলনা থেকে একটি মাইক্রোবাস নিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাঁতি গ্রামে মঈনের শ্বশুর মান্নান শেখের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে খাওয়াদাওয়া শেষে তাঁরা খুলনায় ফিরছিলেন। ঘটনাস্থল তৈয়বের বটতলায় পেঁৗছালে খুলনা থেকে মাদারীপুরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। গ্রামবাসী এসে বাকি দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনায় পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁরা মারা যান। পুলিশ বাসটি আটক করেছে। ঘটনার পর অন্তত এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যার পর পুলিশের উদ্যোগে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।