বাগেরহাটে সবাই আ. লীগের চেয়ারম্যান
বাগেরহাটের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি বাদে সব ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন।
গত মঙ্গলবার জেলার ৭৩টি ইউনিয়নে ভোট হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩২ জনই ভোটের আগেই বিজয়ী হন। ভোটের লড়াইয়ে থাকা ৪১ জনের মধ্যে সরকারি দলের ৩৯ জন বিজয়ী হয়েছেন। বাকি দু জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
জেলার নির্বাচন কার্যালয় এখনো ভোটের ফলাফল বিশ্লেষণে ব্যস্ত। কোনো দলের প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন সেটা এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাদের হাতে আসেনি। তবে জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে সে অনুসারে জেলার ৭৩টি ইউনিয়নে গড়ে ৭০ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
ভোটের লড়াইয়ে ৪১টি ইউনিয়নের মধ্যে ৩২টিতে বিএনপির প্রার্থী ছিল। জেলা বিএনপি আগে থেকেই তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া, হামলা, প্রচারে বাধা দেওয়া, ভোটের দিন এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ করে আসছিল।
পাঁচ নারী চেয়ারম্যান: বাগেরহাটে এবার ৭৩টি ইউনিয়নের মধ্যে পাঁচজন নারী চেয়ারম্যান হয়েছেন। এঁরা সবাই আওয়ামী লীগের নেতাদের স্ত্রী। মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন মোরশেদা আক্তার। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সভাপতি খান সাদেকুল ইসলামের স্ত্রী। খান সাদেক গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খুন হন। এর পর সাদেকুলের ভাই ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এবার দলের মনোনয়ন পান মোরশেদা আক্তার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মংলার সোনাইলতলা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের স্ত্রী নাজিনা বেগম নারজিনা। আবু তাহের ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর শূন্য পদে চেয়ারম্যান হন নাজিনা।
চিতলমারীর সন্তোষপুরে ভোটের আগেই বিজয়ী হয়েছেন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের স্ত্রী বিউটি আক্তার। তিনিও ২০১৪ সালের স্বামীর শূন্য আসনে চেয়ারম্যান হয়েছিলেন। ফকিরহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান খান জাহিদ হাসান বছর দুয়েক আগে খুন হলে সেখানে চেয়ারম্যান হয়েছিলেন তাঁর স্ত্রী শিরীনা আক্তার।
কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নে ভোটের লড়াই শেষে জিতেছেন তছলিমা আক্তার। তিনি উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের স্ত্রী। তবে ভোটের লড়াইয়ে তছলিমার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পুত্র মেহেদি হাসান।