বাগেরহাটে সুপেয় পানির দাবিতে মানববন্ধন
বাগেরহাটে সুপেয় পানির সুবিধা নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন সদর উপজেলার বিষ্ণুপুর, বেমরতা ও ডেমা ইউনিয়নের কয়েক শ গ্রামবাসী।স্থানীয় পানি অধিকার কমিটির আয়োজনে গতকাল সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। পরে তারা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে ছয় দফা দাবিসংবলিত সঞ্চারকলিপি দেয়। এসব দাবির মধ্যে রয়েছে সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে সরকারি দিঘি ও পুকুরে মাছ চাষের জন্য ইজারা বাতিল, সরকারি পুকুরগুলো অবৈধ দখলমুক্ত করা, প্রতিটি ইউনিয়নে অন্তত একটি দিঘি বা পুকুর খনন, প্রতিটি গ্রামে একটি করে পুকুর সংরক্ষণ করা প্রভৃতি। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন পানি অধিকার কমিটির সভাপতি মোজাফফর হোসেন, সম্পাদক শেখ শামীম হাসান, মোশাররফ হুসাইন, মোজাফফর হোসেন, আম্বিয়া বেগম প্রমুখ। বক্তারা বলেন, সদর উপজেলার বিষ্ণুপুর, বেমরতা ও ডেমা ইউনিয়নে গভীর নলকূপে পানি ওঠে না। ফলে গ্রামবাসী সুপেয় পানির মারাত্মক সংকটে ভুগছেন। এলাকায় সরকারি পুকুর বা দিঘি থাকলেও সেগুলো মাছ চাষের জন্য ইজারা দেওয়া রয়েছে। আবার কোনো কোনোটি অবৈধ দখলে রয়েছে। ফলে সুপেয় পানি সুবিধার জন্য গ্রামবাসী সরকারি দিঘি ও পুকুর ব্যবহার করতে পারছে না।