বাগেরহাটে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোবরদিয়া গ্রামের হামিদ আলী ওরফে বাচ্চু ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন গোবরদিয়া গ্রামের আরব শেখের ছেলে শেখ আরিফুল ইসলাম (১৬), বাড়ির ভাড়াটিয়া সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সোহাগ নকিব (২৮)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁদের মধ্যে আরিফ এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।প্রতিবেশী মেমি বেগম জানান, হামিদ আলীর বাড়ি বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামে। তিনি সেখানেই থাকেন। গোবরদিয়া গ্রামে তাঁর এই জমিতে বাঁশ ও গোলপাতা দিয়ে সাত-আটটি ঘর তুলে তিনি ভাড়া দিয়েছেন। ভাড়াটিয়াদের ব্যবহারের জন্য মাস তিনেক আগে তিনি সেপটিক ট্যাংকটি নির্মাণ করেন।গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. রিপন জানান, গতকাল বিকেল চারটার দিকে বাড়ির মালিক হামিদ আলী একজন শ্রমিক নিয়ে ঘটনাস্থলে আসেন। নতুন তৈরি করা সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ ও কাঠ খোলার জন্য তিনি ওই শ্রমিককে ট্যাংকের ভেতরে নামতে বলেন এবং ভাড়াটিয়া সোহাগকে ডেকে আনেন কাজে সহযোগিতা করার জন্য। এ সময় পাশে বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ভলিবল খেলছিল আরিফ। বাড়ির মালিক তাকেও ডাক দেন।রিপন আরও জানান, প্রথমে ওই শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তিনি অচেতন হয়ে পড়লে বাড়ির মালিক সোহাগকে ট্যাংকে নামতে বলেন। সোহাগ ট্যাংকে নেমে আর না উঠলে আরিফকে নামানো হয়। এভাবে পর পর তিনজন ট্যাংকে নেমে অচেতন হয়ে পড়েন। একপর‌্যায়ে স্থানীয় লোকজন ঘটনা শুনে সেখানে জড়ো হয় এবং ট্যাংকের মুখ ভেঙে ভেতর থেকে তিনজনকে উদ্ধারের চেষ্টা করেন। একই সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে দমকলের কর্মীরা ট্যাংক থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, তিনজনকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সোহাগ নকিবের স্ত্রী বিলকিস বেগম বলেন, তাঁর স্বামী বিকেলে বাড়ি ফিরে বাজার করতে যাচ্ছিলেন। এ সময় বাড়ির মালিক হামিদ তাঁকে ডেকে নিয়ে জোর করে ট্যাংকে নামিয়ে দেন।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বাড়ির মালিক ঘটনার পর গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাঁকে আটক করার চেষ্টা করছে।