বাগেরহাটে সৌরশক্তিচালিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে প্রথমবারের মতো সৌরশক্তিচালিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে। ইতালির দাতা সংস্থা ‘ইতালিয়ান কো-অপারেশন’-এর আর্থিক সহযোগিতায় সিডর ও আইলা-উপদ্রুত মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বদনিভাঙ্গা গ্রামে ৩০ লক্ষাধিক টাকা ব্যয়ে এই প্লান্টটি স্থাপন করা হয়েছে। এর ফলে বদনিভাঙ্গা, ছোট ভাদুরা এবং পাঠামারা গ্রামের প্রায় ১১ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা পাবে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালা ওচ্চি এই প্লান্ট উদ্বোধন করেন।ইতালির রাষ্ট্রদূত ইতালা ওচ্চি পরে একই দাতা সংস্থার অর্থায়নে নির্মিত হোগলাবুনিয়া ইউনিয়নের সাড়ে ছয় কিলোমিটার সড়ক ও সানকিভাঙ্গা গ্রামে নির্মিত সাইক্লোন শেল্টার কাম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সাইক্লোন শেল্টার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে রাষ্ট্রদূত ছাড়াও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার শিকদার, মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন ও হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন বক্তৃতা করেন।