বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে জাহিদুল ইসলাম ফরাজী (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান গতকাল রোববার দুপুরে এই রায় দেন।
জাহিদুলের বাড়ি শরণখোলা উপজেলার উত্তর বাধাল গ্রামে। বিয়ের পর থেকে তিনি মংলা পৌরসভার সিগন্যাল টাওয়ার এলাকায় থাকতেন। তিনি পেশায় দিনমজুর।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, ২০০৪ সালে উত্তর বাধাল গ্রামের জাহিদুলের সঙ্গে মংলা পৌরসভার সিগন্যাল টাওয়ার এলাকার নজির আহমেদের মেয়ে আছিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এ নিয়ে প্রায়ই তিনি আছিয়াকে মারধর করতেন। ২০০৫ সালের ১৩ মার্চ রাতেও তাঁদের মধ্যে কলহ হয়। একপর্যায়ে জাহিদুল তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে আছিয়ার মৃত্যু হয়। তিনি গলায় রশি পেঁচিয়ে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে প্রতিবেশীদের কাছে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন। পরদিন পুলিশ আছিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ২৪ মার্চ আছিয়াকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।