বাগেরহাটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
আজ রোববার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ড পাওয়া আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম ফরাজী (৩২)। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর বাধাল গ্রামে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
আসামিকে একই সঙ্গে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী জানান, ২০০৪ সালে জাহিদুলের সঙ্গে মংলা পৌরসভার সিগনাল টাওয়ার এলাকার নজির আহমেদের মেয়ে আছিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা সিগনাল টাওয়ার এলাকায় বাস করছিলেন। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। আছিয়াকে তাঁর স্বামী প্রায়ই মারধর করতেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৩ মার্চ রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বেদম মারপিট করে জাহিদুল। এতে আছিয়া মারা যান। পরে স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন জাহিদুল। প্রতিবেশীদের কাছে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। পরদিন পুলিশ আছিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় মংলা থানার তত্কালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওবায়দুল হক বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
আছিয়াকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ওই বছরের ২৪ মার্চ ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পুলিশের দায়ের করা অপমৃত্যুর মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ৬ মার্চ জাহিদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারপ্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় ঘোষণা করা হলো।