বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসি
বাগেরহাটের রামপালে স্ত্রী নাজমা বেগমকে হত্যার দায়ে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪২) নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেয়।
দণ্ডাদেশ পাওয়া শহিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নাজমা বেগমের (৩৪) প্রথম স্বামী জাহিদুল ইসলামের মৃত্যুর পর জাহিদুলের ছোট ভাই শহিদুল ইসলামের সঙ্গে নাজমার বিয়ে হয়। আগের স্বামীর ঘরে নাজমার আবদুল্লাহ আল মামুন নামে এক ছেলে রয়েছে। পরে শহিদুলের সংসারে তাঁর জুবায়ের নামে আরেকটি ছেলে হয়। ঘটনার সময় জুবায়েরের বয়স ছিল সাত বছর।
২০১২ সালের ২১ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে শহিদুল স্ত্রী নাজমা বেগমকে পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেন।
হত্যার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী শহিদুলকে দাসহ আটক করে পুলিশে দেয়। পরদিন ২২ ফেব্রুয়ারি নাজমা বেগমের ছেলে আবদুল্লাহ-আল-মামুন বাদী হয়ে শহিদুলের বিরুদ্ধে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রউফ খান ওই বছরের ২৩ মার্চ শহিদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলায় ১০ জনের সাক্ষ্য নেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাটের অতিরিক্ত সরকারি কৌসুঁলি কাজী মনোয়ার হোসেন বলেন, শহিদুল আগামী সাত কার্যদিবসের মধ্যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান লাহু।