বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও যুবলীগের নেতা মিনা হাসিবুল হাসান ওরফে শিপনকে গ্রেপ্তার করার প্রতিবাদে তঁার সমর্থকেরা গতকাল মঙ্গলবার বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুরসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনার জের ধরে শহরের প্রধান বাজারসহ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেড নামে বাগেরহাটের একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের দায়ের করা চাঁদাবাজির মামলায় বাগেরহাট সদর থানার পুলিশ গত সোমবার গভীর রাতে শিপনসহ (৪২) দুজনকে গ্রেপ্তার করে৷ শিপন একাধারে বাগেরহাট আন্তজেলা েমাটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাগেরহাট পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি হলেন সিদ্দিকুর রহমান (৩৬)। তিনি সদর উপজেলা তাঁতি লীগের যুগ্ম সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে শিপনের মুক্তির দাবিতে তাঁর সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাগেরহাট থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শহরে পুলিশ ও র্যাবের টহল বাড়ানো হয়েছে। সকাল থেকেই কাউন্সিলরের সমর্থকেরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করেন এবং পিরোজপুর-বাগেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন৷ এ অবস্থায় সকাল থেকেই জেলা শহরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজার বন্ধ রয়েছে৷ থমথমে অবস্থার কারণে শহরে রিকশা ও ভ্যান চলাচলও বন্ধ রয়েছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাতে নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নানের ছেলে জাকারিয়া ও তাঁর সহযোগীরা সিদ্দিকুর রহমানকে তাঁদের বাড়িতে ডেকে এনে অপমান করেন। তাঁরা তাঁকে কিছু সময় আটকে রেখে ছেড়ে দেন। এ ঘটনার জের ধরে গভীর রাতে সিদ্দিক ও তাঁর কয়েক শ সমর্থক আবদুল মান্নানের বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কাউন্সিলর শিপন সেখানে গিয়ে কর্মীদের নিবৃত্ত করে ফিরিয়ে নিয়ে যান৷
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, পৌর কাউন্সিলর শিপনসহ দুজনকে একটি চাঁদাবাজির মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই কাউন্সিলরের কিছু উচ্ছৃঙ্খল সমর্থক যানবাহন চলাচল বন্ধ করেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন। তাঁদের প্রতিহত করতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাউন্সিলর শিপনকে গ্রেপ্তারের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান এবং, বাগেরহাট ও পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। গতকাল সকালে পুলিশ থানায় ঢুকতে না দেওয়ায় কাউন্সিলর শিপনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।