বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ রোববার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বেল্লাল হোসেন (৪৫)। তিনি প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তাঁর বাড়ি মাগুরার শালিখা উপজেলার হরিষপুর গ্রামে।
বাগেরহাটের কাটাখালী থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আট্টাকী এলাকায় মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেল্লাল হোসেন নিহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা পুলিশকে জানান, টেকেরহাটে যাত্রাগান শুনে প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।