বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাগেরহাট-খুলনা সড়কে বাগেরহাট সদর উপজেলার মহাদেবের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সানা মিঞা (৬৫), তাঁর স্ত্রী আলেয়া বেগম (৫৫), লুৎফর রহমান (৬০) ও হালিমা বেগম (৫৫)। হতাহত ব্যক্তিদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে। তাঁরা ওই পিকআপটি ভাড়া করে বাগেরহাটের খান জাহান (রহ.)-এর মাজার জিয়ারত ও ষাটগম্বুজ মসজিদ দেখে বাড়ি ফিরছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, ওই পিকআপ ভ্যানটি বাগেরহাট থেকে আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। মহাদেবের মোড় এলাকায় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে ওই পিকআপে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহত সানা মিঞা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তিদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।