বাগেরহাটে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
বাগেরহাটে ইছুব আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আদালত দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। একই সঙ্গে আদালত ওই মামলার অন্য চার আসামির প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। মামলার অন্য দুই নারী আসামিকে বেকসুর খালাস ঘোষণা করেন। আসামিরা একই পরিবারের সদস্য।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন জেলার কচুয়া উপজেলার বাঁধাল নিকারীপাড়া গ্রামের সেরজন আলী সরদারের দুই ছেলে আক্কাস আলী সরদার ও আশ্রাব আলী সরদার। এক বছর করে দণ্ডপ্রাপ্ত চারজন হলেন নুরুল ইসলাম, রহিমা বেগম, কামরুল আলী ও কামরুন্নেছা।
জমি-সংক্রান্ত বিরোধে ২০০২ সালের ২০ ডিসেম্বর আসামিরা একই গ্রামের ইছুব আলীকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন।