বাগেরহাটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বাগেরহাটে ছিনতাই ও হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল শেখ (২৬) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙা গ্রামের আমির আলী শেখের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন খুলনা মহানগরের টুটপাড়া এলাকার আল আমিন ওরফে তুহিন (২৫), একই জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামের সোহাগ ওরফে জাহিদ (৩০), বটিয়াঘাটা উপজেলার গ্রামেরগাঁও গ্রামের মহির শেখ নাজমুল (২৭) ও রূপসা উপজেলার শ্রীরামপুর গ্রামের জসিম (৩৫)। গতকাল রায় ঘোষণার সময় সোহেল শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য। ২০১১ সালের ২৯ জুন রাতে তাঁরা বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ী বেইলি সেতু এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল ছিনতাই করেন। তাঁরা মোটরসাইকেলের দুই আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় তাঁরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা পাশের বড় পাইকপাড়া গ্রামে শাহিন শেখ নামের এক ব্যক্তির বাড়িতে যান। ‘ডাকাত’, ‘ডাকাত’ বলে চিৎকার করলে শাহিনকে কুপিয়ে হত্যা করেন সোহেল।