বাগেরহাটে হত্যার দায়ে তিন চরমপন্থীর ফাঁসি
বাগেরহাটে একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের তিন সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান গতকাল বুধবার দুপুরে এই আদেশ দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি পলাতক রয়েছেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন বাগেরহাটের মংলা উপজেলার কুমারখালী গ্রামের মান্নান শেখের ছেলে শহীদ শেখ, একই গ্রামের জালালের ছেলে ইয়াসিন এবং রামপাল উপজেলার কুমলাই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া মাসুম গাজী মংলার কুমারখালী গ্রামের সোবাহান গাজীর ছেলে। আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের নথি থেকে জানা গেছে, খুন হওয়া মিজান সরদার ও সাজা পাওয়া ব্যক্তিদের সবাই নিষিদ্ধ ওই চরমপন্থী সংগঠনের সদস্য। একটি আগ্নেয়াস্ত্র ফেরত না দেওয়ার জের ধরে মিজানকে গলা কেটে হত্যা করা হয়।
সরকারী কৌঁসুলি মো. আলী বলেন, ২০০৫ সালের ৮ জুন রামপাল উপজেলার মীরাখালী ওয়াপদা বেড়িবাঁধ থেকে মংলার সফিজ উদ্দিন সরদারের ছেলে মিজান সরদারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিজানের বড় ভাই সাইদ সরদার মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. আফসার উদ্দিন ২০০৬ সালের ২৯ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, আসামিদের সবাই নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের সক্রিয় সদস্য।