বাগেরহাটে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রহিম ফকির নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই সহোদরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলার দায়রা জজ মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বাকি ১৬ জনকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় ১৯ জন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের দুই ভাই সোহবান শেখ ও শাজাহান শেখ এবং একই গ্রামের বারেক শেখ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী মামলার বরাত দিয়ে বলেন, ২০০৪ সালের ১৩ নভেম্বর সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের চাহেব আলী ফকিরের ছেলে আবদুর রহিম ফকির স্থানীয় কামলা বাজারে রাসেলের দোকানে বসে ছিলেন। এ সময় ৪০-৫০ জনের একটি দল রহিমকে পাশের সোহবান শেখ ও শাজাহান শেখের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে হাত-পা বেঁধে লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস ২০০৫ সালের ৩০ মার্চ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। আদালত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এই রায় ঘোষণা করেন।

রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের আইনজীবী আলী আকবর অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা উচ্চ আদালতে আপিল করব।’