বাগেরহাটে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
বাগেরহাট শহরে মো. ওবায়দুল ইসলাম চৌধুরী (২৮) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন এবং দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ বছর করে দণ্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
আজ সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুবেল মল্লিক (২৫) ও মোহাম্মদ জিহাদ (৩০)। কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন শহরের সম্মিলনী স্কুল রোডের সুমনা নাজনীন ওরফে বনানী (২৬) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার ধাইয়ারকূল গ্রামের খালিদ মোল্লা (২৯)।
রায় ঘোষণার সময় সুমনা নাজনীন বাদে বাকি তিনজন আদালতে উপস্থিত ছিলেন। সুমনা পলাতক আছেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সীতা রাণী দেবনাথ বলেন, শহরের দক্ষিণ সরই এলাকার ওবায়দুল ইসলাম চৌধুরীর সঙ্গে সুমনা নাজনীনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্ত্রী সুমনার সঙ্গে নিষিদ্ধঘোষিত চরমপন্থীদের (জনযুদ্ধ লাল পতাকা) যোগাযোগ থাকার কথা জানতে পেরে তিনি তাঁকে ডিভোর্স দেন। পরে ওবায়দুলের কাছে পৌনে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সুমনা। ওই চাঁদার টাকা না পেয়ে ২০১০ সালের ৯ সেপ্টেম্বর রাতে শহরের আলিয়া মাদ্রাসা সড়কে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওবায়দুলকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম চৌধুরী ওই বছরের ১৪ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ২০১১ সালে ৩১ মে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন।