বাগেরহাটে হরিণের মাংসসহ বিক্রেতা গ্রেপ্তার
বাগেরহাটে হরিণের মাংস বিক্রির অভিযোগে মো. হযরত আলী সরদার (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বনকর্মীরা তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, হযরত আলী একজন পেশাদার হরিণের মাংস বিক্রেতা। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি গ্রামে। তিনি বিভিন্ন সময়ে সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস নির্ধারিত ক্রেতাদের কাছে বিক্রি করেন। মঙ্গলবার তিনি একইভাবে হরিণের মাংস এনে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাংস বিক্রির শেষ পর্যায়ে মাত্র ২৫০ গ্রাম মাংসসহ তাঁকে বনকর্মীরা গ্রেপ্তার করতে সক্ষম হন। সদর রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর আলী মিঞা বাদী হয়ে বন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।