বাগেরহাটে ১২ জনকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে আরিফ হাসান (১৯) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা ও দায়রা জজ খান মিজানুর রহমান আজ সোমবার দুপুরে এই আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তিন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, যাত্রাপুর গ্রামের নুরো শেখ ও আব্দুস সাত্তার শেখ, আব্দুস সাত্তারের চার ছেলে রাজ্জাক শেখ, লাভলু শেখ, নজরুল শেখ ও শওকাত শেখ, আফরা গ্রামের আব্দুল কাদের শেখ এবং তাঁর দুই ছেলে কামরুল শেখ ও জিয়ারুল শেখ, চাঁপাতলা গ্রামের শেখ টিপু সুলতান, যাত্রাপুর গ্রামের হোসেন শেখ ও শেখ ফারুক।

নিহত শেখ আরিফ হাসান বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের নূর ইসলাম শেখের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর বিকেলে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে স্থানীয় লুৎফর শেখের বাড়িতে ছাত্রলীগের বর্ধিত সভা চলছিল। আরিফ ওই কমিটিতে সভাপতি প্রার্থী ছিলেন। ওই সময় আসামিরা ওই বাড়ির সামনে থেকে আরিফকে ধরে নিয়ে লাঠি ও হাতুড়ি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন আরিফের বাবা বাগেরহাট মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক হাবিবুর রহমান ২০০৭ সালের ২১ জানুয়ারি ওই ১২ জনসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন এ কে আজাদ ফিরোজসহ পাঁচজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী নূর মোহম্মদ।

মামলার বাদী নিহত আরিফের বাবা নূর ইসলাম শেখ দুপুরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে। রাজনৈতিক বিরোধ মুখ্য ছিল না। তিনি এই রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে বলেন, তাঁর ছেলের হত্যাকারীদের আরও কঠোর শাস্তির আবেদন নিয়ে তিনি উচ্চ আদালতে যাবেন।