১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে বাগেরহাটের আদালতে ১৩ রাজাকারের নামে মামলা হয়েছে। জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের নিহত মুক্তিযোদ্ধা ইসমাঈল ওরফে ইউসুফ শেখের মেয়ে আলেয়া বেগম গতকাল বুধবার বাগেরহাটের বিচারিক হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে মামলাটি করেন। আদালত মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।আসামিরা হলেন খুলনা শহরের জিন্নাহপাড়ার বাসিন্দা উকিল শেখ (৬০), কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের নূরা শিকদার (৭৫), যশোরদি গ্রামের মোকছেদ দিদার (৮০), ইনাম শেখ (৬৫), আসমান দিদার (৬০), করিম দিদার (৬৫), বাধাল গ্রামের কালাম মোল্লা (৬৫), মোরেলগঞ্জ উপজেলার গাজীরহাট গ্রামের দুই সহোদর রুস্তম মোল্লা (৬৫) ও ইদ্রিস মোল্লা (৬৩); একই গ্রামের এনসাফ আলী দিদার (৭০), দৈবজ্ঞহাটি গ্রামের সৈয়দ আলী শেখ (৬৭), তেলিগাঁতি গ্রামের মোক্তার হাওলাদার (৬০) ও জাফর আলী (৬০)।আরজিতে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালের ২০ নভেম্বর বাদীর বাবা মুক্তিযোদ্ধা ইসমাঈল ওরফে ইউসুফ শেখ সহযোদ্ধাদের নিয়ে মোরেলগঞ্জ উপজেলার এ বি গজালিয়া বাজারে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যান। সেখানে পাকিস্তানিদের না পেয়ে ফেরার পথে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে আসামি রাজাকাররা। এ সময় বাদীর বাবা ইসমাঈলসহ অন্য মুক্তিযোদ্ধারা পার্শ্ববর্তী ধানখেতে আশ্রয় নিয়ে রাজাকারদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। রাজাকার উকিল শেখ ধানখেতের পাশের একটি নারকেলগাছে উঠে ইসমাঈলের মাথা লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলে মারা যান। যুদ্ধে অংশ নেওয়া তেলিগাঁতি গ্রামের মুক্তিযোদ্ধা খান নজরুল ইসলাম, আকুব্বর আলী হাওলাদার ও কদম হাওলাদারকে মামলায় সাক্ষী করা হয়েছে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ গতকাল বলেন, আদালতের আদেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।