বিএনপি ও জাতীয় শ্রমিক লীগ গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের পৌর এলাকায় পাশাপাশি স্থানে সভা আহ্বান করায় জেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার কেলেঙ্কারি, তারেক রহমান, কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গতকাল স্বাধীনতা উদ্যানে বিক্ষোভ মিছিল ও জনসভা ডাকা হয়েছিল। পুলিশ প্রশাসনের বাধার কারণে সরকারি পিসি কলেজসংলগ্ন ব্যক্তিমালিকানাধীন একটি মাঠে সভার স্থান নির্ধারণ করা হয়। কিন্তু হঠাৎ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক লীগ গত বুধবার রাতে শহরে মাইকিং করে পিসি কলেজ মাঠে সভা আহ্বান করে।পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, দুটি সংগঠন পাশাপাশি স্থানে একই সময়ে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়। ফলে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত গতকাল সকাল থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ রেজাউর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এবং মে দিবস উপলক্ষে গতকাল বেলা তিনটায় পিসি কলেজ মাঠে সভা আহ্বান করা হয়। কিন্তু ১৪৪ ধারা জারির কারণে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘প্রশাসন ও সরকারি দলের বাধার মুখে পৌর এলাকায় জনসভা করতে না পেরে ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহান (র.)-এর মাজারসংলগ্ন মাঠে জনসভা করার চেষ্টা করি। কিন্তু প্রশাসন সেখানেও ১৪৪ ধারা জারি করে। ফলে আমরা কর্মসূচি পালনে ব্যর্থ হই।’বাগেরহাট সদর ইউএনও মো. শফিকুল ইসলাম জানান, সকালে শুধু বাগেরহাট পৌর এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু দুপুরে বিএনপি শহরসংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন এলাকায় জনসভা করার প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা সৃষ্টি হয়। এ অবস্থায় বেলা আড়াইটার দিকে ষাটগম্বুজ ইউনিয়ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।