বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সরোয়ার হোসেন হাওলাদার নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ওই মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের সবাই পলাতক রয়েছেন। তাঁরা হলেন উপজেলার ছাপড়াখালী গ্রামের আফছার আলী খাঁর ছেলে লাভলু খাঁ, তাজেল হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার, পশ্চিম বহরবুনিয়া গ্রামের আসমত আলী হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার ওরফে হাবি ডাকাত এবং সূর্যমুখী গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন হাওলাদার। আদালত তাঁদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হারুন শেখ পশ্চিম বহরবুনিয়া গ্রামের আবদুর রব শেখের ছেলে। আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা গেছে, জমি ও চিংড়িঘের নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের বাড়ি থেকে সরোয়ার হোসেন হাওলাদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা। সরোয়ার ওই গ্রামের বসির উদ্দিন হাওলাদারের ছেলে। পরের দিন সরোয়ারের স্ত্রী ১৭ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।