বাগেরহাটে ৪০ হাজার চিংড়িঘের প্লাবিত
তিন দিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে বাগেরহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, এতে প্রায় চল্লিশ হাজার চিংড়িঘের ও পুকুর প্লাবিত হয়েছে। ভেসে গেছে অন্তত ৪০ কোটি টাকার মাছ। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মো. নূরুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় জানান, মাদারদিয়া, রাধাবল্লভ ও সাউথখালী এলাকায় বেড়িবাঁধ উপচে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পাউবোর ২৭০০ মিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাউথখালী, খড়িয়া, পরানপুর, রাধাবল্লভ ও মাদারদিয়া এলাকায় পাউবোর শ্রমিকেরা স্থানীয়দের নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম জানান, বাগেরহাট পৌরসভার আদর্শ গ্রাম, পুটিমারী, রাধাবল্লভ, কাঠুয়া, গোমতী প্রভৃতি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া ষাটগম্বুজ, খানপুর, রাখালগাছি, ডেমা ও কাড়াপাড়া ইউনিয়নের অসংখ্য মাছের ঘের ভেসে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে।চিতলমারী ইউএনও সোহেল হাসান জানান, তাঁর উপজেলায় চার-পাঁচ হাজার ঘের প্লাবিত হয়ে প্রায় ১০ কোটি টাকার মাছ ভেসে গেছে। মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী জানান, তাঁর উপজেলায় ১৬ হাজার মৎস্যঘের প্লাবিত হয়ে কমপক্ষে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন জানান, উপজেলার ১৬টি ইউনিয়নের এক শ কিলোমিটার কাঁচা রাস্তা ডুবে গেছে।রামপাল ইউএনও হেমায়েত হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আবদুর রউফ জানান, বাঁশতলী, পেড়িখালী, হুড়কা, রাজনগর ও মল্লিকের বেড় ইউনিয়নের শতকরা নব্বই ভাগ চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে অন্তত ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের প্রতিবেদন পাওয়া গেলে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানানো সম্ভব হবে।