বাগেরহাটের অর্ধেক ইউপিতে আমেজ নেই, অর্ধেকে উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলার প্রায় অর্ধেক ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের আমেজ কম। তবে সদস্য (মেম্বার) পদের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা হলেও আমেজ রয়েছে ভোটের লড়াইয়ের।
আবার যেসব ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটারদের মধ্যে রয়েছে উদ্বেগ, উত্কণ্ঠা। ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না, অথবা ভোট দিতে পারবেন কি না—এমন আশঙ্কাও রয়েছে এসব ইউনিয়নের ভোটারদের। তবে জেলা প্রশাসন এমন আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছে, ভোট শান্তিপূর্ণভাবেই হবে।
আজ মঙ্গলবার জেলার ৭৩টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২টিতে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি ৪১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৩৫ জন প্রার্থী লড়াইয়ে আছেন।
বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউপির মধ্যে নয়টিতেই চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। শুধু ষাটগম্বুজ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। গতকাল সোমবার সদরের কাড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, ভোটের আমেজ তেমন নেই। সদস্য প্রার্থীদের সমর্থকেরা ভোটকেন্দ্রগুলোর সামনে পোস্টার লাগাচ্ছেন।
রহমের মোড় এলাকায় কথা হলো সাবেক সেনাসদস্য ফারুক হোসেনের সঙ্গে। তিনি বললেন, নিজে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে না পেরে খারাপ লাগছে। তবে যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই কীই-বা করার আছে। কাড়াপাড়া বাজারে কথা হলো বেশ কয়েকজনের সঙ্গে। তাঁদেরও একই কথা। দেলোয়ার হোসেন নামের একজন বললেন, চেয়ারম্যান পদে নির্বাচন না হওয়ায় ভোটের উত্তেজনা নেই।
ডেমা ইউনিয়নে তারেকুল ইসলাম নামের এক ভোটার চেয়ারম্যান পদে ভোট দিতে না পারায় হতাশা জানালেন। আনোয়ার হোসেন নামের একজন বললেন, ‘চেয়ারম্যান পদে ভোড না হওয়ায় ভোডের উত্সব পাইনসে হইয়ে গ্যাছে।’
বাগেরহাটের যে ৪১টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে, তার প্রায় সব কটিতে ভোট নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের। জেলা নির্বাচন কার্যালয় জেলার ৬৭৮টি কেন্দ্রের মধ্যে ৪৫৫টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মতে, মোরেলগঞ্জের ১৬টি ও শরণখোলার চারটি ইউনিয়ন বেশি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া কচুয়ার গোপালপুর ও মহিয়া এবং রামপালের উজলকুড় ও পেডিখালী ইউনিয়নও ঝুঁকিপূর্ণ। তাই সবার নজর থাকবে এসব এলাকার ওপর।
আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি এবং বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা। ষাটগম্বুজ ইউপিতে বিএনপির প্রার্থী ফকির তৌহিদুল প্রথম আলোকে বলেন, সরকারি দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর কর্মীদের নানাভাবে বাধা দিচ্ছে, হয়রানি করছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সরকারি দলের প্রার্থী শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, জেলার এত ইউপিতে বিএনপি প্রার্থী দেওয়ার মতো লোক পায়নি। এখন বানোয়াট অভিযোগ তুলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয় বলেছে, তারা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সেখানে জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, ভোটাররা কেন্দ্রে এলে তাঁদের সম্পূর্ণ নিরাপত্তা দেবে পুলিশ। তবে ঘর থেকে ভোটারদের বেরোতে হবে। কেউ কোনো সমস্যা তৈরি করতে পারবে না।