বাগেরহাটের আকরাম রাজশাহীতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকরাম হোসেন খান
আকরাম হোসেন খান

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আকরাম হোসেন খানকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরের নওদাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আকরামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামে৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ১০ জুন আকরাম হোসেন খান ও আবদুল লতিফ তালুকদারসহ (৬৫) তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ আকরামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এই নৃশংসতা শাঁখারীকাঠি গণহত্যা নামে পরিচিত।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, মোরেলগঞ্জ থানার পুলিশের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নগরের নওদাপাড়া এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আকরামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। রাজপাড়া থানার ওসি খান মো. এরফান জানান, আকরামকে গতকাল শুক্রবার মোরেলগঞ্জ থানার পুলিশ নিয়ে গেছে। মোরেলগঞ্জ থানার ওসি আসলাম খান জানান, শুক্রবারই আকরামকে ঢাকায় পাঠানো হয়েছে৷ তাঁকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হলে ২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামের স্থানীয় এক ব্যক্তি রাজাকার আকরাম হোসেন খান ও আবদুল লতিফ তালুকদারসহ ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন জানান, আকরাম হোসেন খান ও আবদুল লতিফ তালুকদারসহ ২০ থেকে ৩০ জন সশস্ত্র ব্যক্তি ১৯৭১ সালের ৫ মে কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে গিয়ে নিরীহ লোকজনের ওপর হামলা চালিয়ে লুটপাট, অগ্নিসংযোগ এবং ৪২ জনকে হত্যা করেন। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাট জেলায় মোট ৬৩টি মামলা হয়েছিল। মামলাগুলো তদন্ত করে রামপাল উপজেলার ডাকরা গণহত্যা, কচুয়া উপজেলার শাঁখারীকাঠি গণহত্যাসহ কিছু মামলা আমলে নেওয়া হয়েছে৷ নিমাই চন্দ্র দাসের মামলাটি (শাঁখারীকাঠি গণহত্যা মামলা) গত বছরের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠালে আদালত তা আমলে নেন।
এর আগে ১১ জুন ভোরে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রাম থেকে আবদুল লতিফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়৷