বাগেরহাটের আহত চেয়ারম্যান পদপ্রার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাচনের দিন আহত আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সর্দার নিয়ামত হোসেন (৫৬) আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন ছিলেন।
হাসপাতাল থেকে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কুমার কুণ্ডু প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। নিয়ামতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি নিয়ামত হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২৭ ফেব্রুয়ারি ফকিরহাট উপজেলায় নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নিয়ামত। নির্বাচনের দিন বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে আওয়ামী লীগের কিছু কর্মীর অবস্থান নিয়ে একপর্যায়ে বিজিবির সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। চেয়ারম্যান প্রার্থী নিয়ামতসহ চারজনকে বিজিবি আটক করলে উত্তেজিত জনতা ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। পরে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আটকাবস্থায় নিয়ামতকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহতাবস্থায় তাঁকে ওই দিন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১২ মার্চ তাঁকে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে এবং ১৫ মার্চ হেলিকপ্টারে করে বিএসএমএমইউয়ে আনা হয়। আজ সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।
১০ মার্চ স্থগিত হওয়া কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ভোট বর্জনের ঘোষণা দেন নিয়ামত। নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল কালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।