ট্রাইব্যুনালের আমলে সিরাজ, লতিফ ও আকরামের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেন। ৩০ সেপ্টেম্বর থেকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।

বাগেরহাটের এই তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে।


রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ সায়েদুল হক ও শেখ মোশফেক কবির গতকাল বেলা দুইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। তাঁদের বিরুদ্ধে গণহত্যা, হত্যাসহ আটটি অভিযোগ আনা হয়।


গত বছরের ২১ মে থেকে এই তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান জানিয়েছিলেন, এই তিনজনই মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার জন্য রাজাকার বাহিনীতে যোগ দেন। খুলনার আনসার ক্যাম্পে পাকিস্তানি সেনাদের কাছে সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পর তাঁরা বাগেরহাটের বিভিন্ন এলাকায় রাজাকার ক্যাম্প স্থাপন করে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত করাসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করতে থাকেন। তদন্তে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেছে।


তিনজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানিয়েছিলেন, সিরাজ মাস্টারসহ তিনজনই একাত্তরে মুসলীম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদে সিরাজ জানান, পরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তবে কোনো পদ ছিল না। অন্যরা কেউ রাজনীতিতে যুক্ত হননি।


তদন্ত সংস্থা জানায়, গত ১০ জুন তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই রাতেই আবদুল লতিফ তালুকদার গ্রেপ্তার হন। আকরাম হোসেন এলাকা ছেড়ে পালান, ২০ জুন তাঁকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। আত্মগোপনে থাকা সিরাজুল হক গ্রেপ্তার হন ২১ জুলাই, বাগেরহাট সদর থানার ডেমা গ্রাম থেকে। তাঁরা সবাই এখন কারাগারে আছেন। তাঁদের বিরুদ্ধে ৬৪ জনকে সাক্ষী করা হয়েছে।