বাগেরহাটের দুই আসামির বিরুদ্ধে রায় ১১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শেখ সিরাজুল হক ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১১ আগস্ট ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।
একই মামলার আসামি আবদুল লতিফ তালুকদার গত ২৭ জুলাই দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ কারণে মামলার আসামির তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে আজ জানান ট্রাইব্যুনাল-১।
বাগেরহাটের ওই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম শেষে গত ২৩ জুন রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ১০ জুন তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই রাতেই লতিফকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন আকরামকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। আত্মগোপনে থাকা সিরাজুলকে গত বছর ২১ জুলাই বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
সিরাজুল ও আকরাম এখন কারাগারে।