বাগেরহাটের দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার আবুল কালাম ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের দুজন প্রভাষকের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে নিয়োগ লাভ এবং একজনের বিরুদ্ধে ভুয়া সনদ দাখিল করে এমপিওভুক্তির অভিযোগ উঠেছে।কলেজ সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৭ আগস্ট কলেজের তৎকালীন পরিচালনা পর্ষদ নীতিশ চন্দ্র বিশ্বাস ও রামপ্রসাদ রায়কে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। আবেদনপত্র অনুযায়ী নীতিশ চন্দ্র বিশ্বাস সম্মান পরীক্ষায় তৃতীয় শ্রেণীপ্রাপ্ত ও স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিয়েছেন। রামপ্রসাদ রায় সম্মান ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় তৃতীয় শ্রেণীপ্রাপ্ত। নীতিশ চন্দ্র বিশ্বাস ২০০৪ সালের এপ্রিলে এবং রামপ্রসাদ রায় জুলাইয়ে এমপিওভুক্ত হন।চলতি বছরের জানুয়ারিতে কলেজের পাঠানো এক চিঠির জবাবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে, রামপ্রসাদ রায়ের ব্যক্তিগত নথিতে সংযুক্ত স্নাতকোত্তরের মানোন্নয়ন সনদটি ভুয়া।কলেজের অধ্যক্ষ সাদেক আলী জানান, ১৯৯৫ সালের বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে যোগ্যতা না থাকা সত্ত্বেও নীতিশ চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়। দুজন শিক্ষকই সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় তৃতীয় শ্রেণীপ্রাপ্ত। এ কারণে এমপিওভুক্তির সুযোগ না থাকলেও তাঁরা নিজেরা চেষ্টা করে ২০০৪ সালে এমপিওভুক্ত হন।কলেজ সূত্র জানায়, ২০১২ সালে কলেজের যে ১১২ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের মধ্যে ৯৮ জনই ইংরেজিতে ফেল করেছে। ২০১১ সালেও উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ৮৬ জনের মধ্যে ৮৩ জনই ইংরেজিতে ফেল করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মণ্ডল গত বছরের ১৫ ডিসেম্বর তদন্ত করেন। গত ১১ জানুয়ারি মহাপরিচালককে পাঠানো তদন্ত প্রতিবেদনে তিনি বলেন, স্নাতকোত্তর উত্তীর্ণ না হয়ে ওই পদে আবেদন করার যোগ্যতা নীতিশ চন্দ্র বিশ্বাসের ছিল না। তা ছাড়া জনবল কাঠামো অনুযায়ী, একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে একজন শিক্ষক এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারেন না। ফলে তাঁর নিয়োগ ও এমপিওভুক্তি অবৈধ ছিল।অপর প্রভাষক রামপ্রসাদ রায়ের স্নাতকোত্তরের ভুয়া সনদ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ সাদেক আলী জানান, এমপিওভুক্তির পর থেকে রামপ্রসাদ রায়ের ব্যক্তিগত নথিতে স্নাতকোত্তরে ‘দ্বিতীয় শ্রেণীর মানোন্নয়ন সনদপত্রের’ (প্রভিশনাল সার্টিফিকেট) একটি ফটোকপি সংযুক্ত দেখা যায়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাঁর সনদটি ভুয়া বলে প্রত্যয়ন করা হয়। এরপর রামপ্রসাদ রায়কে তাঁর মূল সনদ জমা দেওয়ার অনুরোধ জানানো হলেও তিনি তা জমা দেননি।নীতিশ চন্দ্র বিশ্বাস ও রামপ্রসাদ রায় তাঁদের নিয়োগ বৈধ দাবি করে বলেন, ২০০৪ সালে সরকারি এক প্রজ্ঞাপনে শুধু ইংরেজি বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির জন্য দুটি তৃতীয় শ্রেণী অনুমোদন করা হয়। তাঁরা ওই প্রজ্ঞাপনের আওতায় এমপিওভুক্ত হয়েছেন। রামপ্রসাদ রায় দ্বিতীয় শ্রেণীর মানোন্নয়ন সনদ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৩) জসিম উদ্দিন এই প্রতিবেদককে জানান, নীতিশ চন্দ্র বিশ্বাসের বিষয়ে পাওয়া তদন্ত প্রতিবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ২২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।