বাগেরহাটের পৌর মেয়রকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ ও নতুন হাসপাতাল ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানকে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খান হাবিবুর রহমান। শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন আইনজীবী নকীব সাইফুল ইসলাম। দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন। এ দুই মামলায় আগাম জামিনের জন্য আইনজীবীর চেম্বার থেকে ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত হন খান হাবিবুর রহমান।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, দুদকের করা পৃথক দুটি মামলায় খান হাবিবুর রহমান হাইকোর্টে আগাম জামিন চান। আদালত আগাম জামিন না দিয়ে তাঁকে তিন সপ্তাহের মধ্যে বাগেরহাটের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ ও নতুন হাসপাতাল ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে পৌর মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে গত বছরের ২৫ নভেম্বর পৃথক দুটি মামলা করে দুদক। দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা দুটি করেন।
এর মধ্যে পৌরসভার বিভিন্ন পদে নিয়োগের নামে টাকা আত্মসাতের মামলায় মেয়র হাবিবুরসহ ১৮ জনকে আসামি করা হয়। ২০১৭ সালের ২৩ মার্চ কোনো নিয়মনীতি প্রতিপালন না করে ক্ষমতার অপব্যবহার করে মেয়র হাবিবুর রহমান অবৈধভাবে ১৭ জনকে পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৫৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
অপর মামলায় অভিযোগ করা হয়, ২০১৪–১৫ অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌরসভার উন্নয়নের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে দুই কোটি টাকা জমা করে। ওই টাকা থেকে আবাহনী ক্লাব ও ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। তবে পৌর মেয়র হাবিবুর রহমান ও তৎকালীন সচিব মোহম্মদ রেজাউল করিম ভবন নির্মাণ না করে পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে এক কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।