বাগেরহাটের বেশির ভাগ ইউপি চেয়ারম্যান ভাতা নেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপি চেয়ারম্যানদের সম্মানী ভাতা ‘সম্মানজনক’ নয় বলে মনে করেন বাগেরহাটের ইউপি চেয়ারম্যানরা। তাই তাঁরা এখন থেকে সরকার-নির্ধারিত এই সম্মানী ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে জেলার ৫০ জন ইউপি চেয়ারম্যান সম্মিলিতভাবে এক আবেদনপত্রে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে তাঁদের এই ক্ষোভ ও প্রতিবাদের কথা জানিয়ে দিয়েছেন।
বাগেরহাটের ৭৫ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ৫০ জন ওই আবেদনপত্রে সই করেন।
ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু জানান, একজন ইউপি চেয়ারম্যান মাসে ভাতা বাবদ মোট তিন হাজার টাকা পান। এর মধ্যে সরকারের তরফ থেকে দেওয়া হয় ১ হাজার ৩২৫ টাকা এবং পরিষদ থেকে দেওয়া হয় বাকি ১ হাজার ৬৭৫ টাকা।
ফকিরহাটের বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস বলেন, ‘গত এপ্রিল থেকে আমাদের তথাকথিত সম্মানী প্রাপ্য রয়েছে। সরকারের বিভিন্ন মহলে বহু আবেদন করে ফল না পেয়ে আমরা চেয়ারম্যানরা সর্বসম্মতভাবে এই অসম্মানজনক সম্মানী আর গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’ জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ইউপি চেয়ারম্যানদের এই আবেদনপত্রের বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিধি মোতাবেক অবহিত করবেন।