বাগেরহাটের ২০ ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা
বাগেরহাট জেলার ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদক ও জঙ্গি-সন্ত্রাসবাদবিরোধী সমাবেশ থেকে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ-জামান এ ঘোষণা দেন।
জেলা শহরের স্বাধীনতা উদ্যানে আয়োজিত এ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মনির উজ-জামান বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জঙ্গি-সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে পুলিশ। পেশাজীবী, ব্যবসায়ীসহ সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রচার অভিযানসহ এ কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে জেলায় ১০০ দিনের একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আমরা ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করছি। পর্যায়ক্রমে পুরো জেলাকেই মাদকমুক্ত ঘোষণা করা হবে।’
পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. একরামুল হাবীব, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশিং কমিটির সভাপতি মোজাফ্ফার হোসেন প্রমুখ।
এর আগে শহরে পুলিশ সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।