>বেহাল সড়ক—৯৮
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

বাগেরহাট-রামপাল-মোংলা সংযোগ সড়কের ১৩ কিলোমিটার ভেঙেচুরে বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন অংশে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে মাটি বেরিয়ে গেছে। বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে বড় গর্তগুলো পার হচ্ছে। যাত্রীরা পোহাচ্ছে সীমাহীন দুর্ভোগ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রেজানা গেছে, জেলা শহর (দশআনির মোড়) থেকে রামপাল উপজেলা হয়ে মোংলা উপজেলা পর্যন্ত সংযোগ সড়কটি ৩৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে মোংলা পৌরসভার কুমারখালী এলাকা থেকে শুরু করে রামপালের পেড়িখালী বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ছিল। ২০১৩ সালে সওজের অধীনে আসে। পরের বছর ২০১৪ সালে এর সংস্কার করা হয়।
গত ২ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, মোংলা পৌরসভার কুমারখালী ও উত্তর চাঁদপাই এলাকার পাঁচ কিলোমিটার রাস্তা বেশি ভাঙাচোরা। রাস্তার বিভিন্ন অংশে গর্ত রয়েছে। কোথাও কোথাও মাটি বেরিয়ে গেছে। চলাচলের সময় যানবাহনগুলো সড়কের ক্ষতিগ্রস্ত অংশের ওপর পড়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছে।
মোংলা উপজেলার বাসিন্দা মো. সুলতান ভাড়ায় মোটরসাইকেল চালান। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিন সড়কের কোথাও না কোথাও নতুন নতুন গর্তের সৃষ্টি হচ্ছে। অনেক সময় বাস ও ট্রাকের চালকেরা দুর্ঘটনা এড়াতে সড়কের পাশ দিয়ে চলাচল করছেন। এতে সড়কের পাশের মাটি ধসে যাচ্ছে।
উত্তর চাঁদপাই গ্রামের বাসিন্দা সত্তার ইজারাদারবলেন, এই পথে মোংলা উপজেলার তিনটি ইউনিয়ন ও রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের লোকজন মোংলা পৌরসভা ও বাগেরহাট সদরে নিয়মিত যাতায়াত করে। অসুস্থ ও নারী-শিশুদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়কে চলতে গিয়ে গর্তে পড়ে গাড়ি উল্টে যাওয়া, যন্ত্রাংশ নষ্ট হওয়া তো নিত্যদিনের ঘটনা।
মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, ‘প্রতিদিনই এই সড়কে অন্তত পাঁচ হাজার মানুষ যাতায়াত করে। এই সড়কের অবস্থা খুব খারাপ। তিন মাস আগে জেলা পরিষদের মাসিক সভায় সড়কটি সংস্কারের জন্য সওজের কাছে অনুরোধ জানিয়েছিলাম। তাঁরা আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। গুরুত্ব বিবেচনা করে সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
সওজের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, সড়কের রামপাল অংশে ২৭ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত এই অংশের সংস্কারকাজ শুরু হবে। মোংলা অংশের সংস্কারের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে শিগগির কাজ শুরু করা হবে।